তিন দিনে তিনবার সুন্দরবনে বাঘ দর্শন
দি নিউজ লায়ন ; সোমবার পীরখালি, মঙ্গলবার সুধন্যখালি, বুধবার সজনেখালি- পরপর তিনদিন সুন্দরবনে রয়্যালবেঙ্গল দর্শন। এই নিয়ে শুধু জানুয়ারি মাসের কুড়ি দিনের মধ্যে ষষ্ঠবার বাঘের দেখা পেলেন পর্যটকেরা। ঘনঘন দক্ষিণরায়ের দর্শন যে মোটেই স্বাভাবিক নয় তা এবার মেনে নিচ্ছেন বনদপ্তরের আধিকারিকরাও। তাদের আশঙ্কা খুব সম্ভবত লোকালয়ের দিকে যেতে চাইছে বাঘ।
গত মার্চ থেকে ধরলে চল্লিশের কাছাকাছি মৎস্যজীবী বাঘের হামলায় নিহত হয়েছেন। বনদপ্তরের আশঙ্কা, সুন্দরবনের জঙ্গলে একাধিক রয়েলবেঙ্গল ম্যান-ইটারে পরিণত হয়েছে। তাই তারা জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুন্দরবনের জঙ্গলে বাঘের খাবারে কোন ঘাটতি ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা।
যদিও সুন্দরবন বিশেষজ্ঞদের অন্য একটি অংশের মতে দীর্ঘদিন শীত যাপনের পর অনেক সময় বাঘ পথ ভুল করে। সেই হিসেবে বাঘ জঙ্গল থেকে বের হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। সব মিলিয়ে ঘনঘন বাঘের দেখা মেলায় একদিকে যখন পর্যটকেরা উৎসাহিত আনন্দিত, পর্যটন ব্যবসায়ীরা স্বস্তিতে। তখন বনদপ্তর থেকে রয়্যালবেঙ্গল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন পরিস্থিতি মোটেই সুখকর নয়। জঙ্গল ছেড়ে কেন বাঘ বেরিয়ে পড়ছে তার সঠিক কারণ অনুসন্ধান করা দরকার।

Post a Comment